মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কঠোর পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম
Fox News এবং বার্তা সংস্থা
Associated Press (AP)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, পর্যটক বা ব্যবসার উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ভিসায় (বি-ওয়ান ও বি-টু) দেশটিতে প্রবেশ করার পর স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছেন এমন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এই খবরের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানিয়েছেন যে, স্বল্পমেয়াদি অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যারা পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন, তাদের চিহ্নিত করে ভিসা বাতিলের এই প্রক্রিয়া চলমান থাকবে। তবে কত সংখ্যক মানুষের ভিসা এই আয়ের আওতায় পড়বে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করতে চায়নি প্রশাসন। ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মধ্যে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের নিশানা করেই মূলত এই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে, যা অভিবাসী মহলে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।