শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে ফ্রান্সে জেন-জির বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ নানা সমস্যার সমাধান দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দেশজুড়ে তীব্র রূপ নেওয়ায় চার শতাধিক মানুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একদিনেই পুলিশ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করে, যার মধ্যে দুই-তৃতীয়াংশই অপ্রাপ্তবয়স্ক। বিবিসি ও এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্যারিসসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে স্কুলের প্রবেশপথ অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে আসছেন। মঙ্গলবার এই বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও আহত হয়েছেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই আন্দোলনের প্রভাব পড়েছে অন্তত ৪০০টি স্কুলে। বিক্ষোভকারীরা অনেক স্থানে ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। জবাবে পুলিশও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আন্দোলনরত ১৬ বছর বয়সি এক ছাত্রী গণমাধ্যমকে জানান, শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং প্রতিটি শ্রেণিতে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকারকে সম্মান জানালেও সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, পুলিশ অত্যন্ত সংযত ও আনুপাতিকভাবে পদক্ষেপ নিয়েছে। শিক্ষা খাতের সংকটের পাশাপাশি গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলনে মঙ্গলবার শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলোর ডাকা কর্মবিরতিও যোগ দেয়, যাতে দেশজুড়ে অন্তত দুই লাখ মানুষ অংশ নেন।
মন্তব্য করুন