নামের মিল থাকলেও কোনো আত্মীয়তা ছিল না। অবশেষে এক ফ্রেমে দেখা হলো অনলাইন উদ্যোক্তা আয়মান সাদিক ও অভিনেত্রী সাদিয়া আয়মানের। বিস্তারিত জানতে পড়ুন।
দুজনেই দেশের পরিচিত মুখ ও তারকা। একজন জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা, অন্যজন বিনোদন জগতের মেধাবী অভিনেত্রী। নাম প্রায় একই হওয়ায় আইমান সাদিক ও সাদিয়া আয়মানকে নিয়ে নেটিজেনদের মধ্যে সবসময়ই একটা কৌতূহল কাজ করে। অনেকেই তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন করেন।
বাস্তবতার সাথে নামের এই মিল কেবলই কাকতালীয়। তাদের মধ্যে ভাই-বোন কিংবা অন্য কোনো ধরনের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। সবচেয়ে মজার বিষয় হলো, নামের এত মিল ও আলোচনা থাকার পরও এতদিন এই দুই তারকার সরাসরি মোলাকাত বা দেখাই হয়নি।
অবশেষে সেই কাঙ্ক্ষিত দেখাও হয়ে গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই মুহূর্তের একটি সুন্দর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’
দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন নেটিজেনরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ইতিবাচক মন্তব্য ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।