সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় দুজন বাংলাদেশি নিহত এবং আরও ২৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সাথে নিহত পরিবারগুলোর জন্য দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসীর সার্বিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সরকারকে জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে দলটি।
সোমবার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, রিয়াদ বিমানবন্দরের মতো জনবহুল ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। রাজনৈতিক বা সামরিক সংঘাতের অজুহাতে বেসামরিক নাগরিকদের ওপর এমন অমানবিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এবি পার্টির শীর্ষ নেতারা স্মরণ করিয়ে দেন যে, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই তাঁদের জীবন রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রাথমিক দায়িত্ব। এ অবস্থায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক পুনর্বাসন দেওয়া এবং প্রবাসীদের নিরাপত্তায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানানো হয়। একই সাথে আঞ্চলিক শান্তি বিঘ্নিতকারী এই সশস্ত্র হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান তাঁরা।
মন্তব্য করুন