টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ধারী শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ডের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো তারা শুনছেন এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের জন্য তারা ওপরমহলের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গত কয়েকদিন ধরে চলা এই আন্দোলন মঙ্গলবার ঢাকা বোর্ড ঘেরাওয়ের মাধ্যমে নতুন মাত্রা পেল। শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে চলাচলের জন্য রাস্তাঘাট অচল, সেখানে পরীক্ষা নেওয়া তাদের জীবনের সঙ্গে উপহাসের শামিল। এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত করে কোনো নমনীয় অবস্থানে আসে কি না।
মন্তব্য করুন