ভোলায় একটি মোবাইল ফোনের লোভে কিশোর রেদোয়ান রাসেলকে হত্যার অপরাধে দীর্ঘ ১৯ বছর পর চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়েছে। দোষ প্রমাণিত হওয়ায় দুই প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভোলা জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে বিচারক শরীফ এ এম রেজা জাকের এই রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. তৈয়ব।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. সুজন ও তার মামা মো. ইলিয়াস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষ আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় কিশোর রেদোয়ান রাসেল তার বাবার মুদি দোকানে ছিলেন। সে সময় তার মায়ের কেনা নকিয়া ১১০০ মডেলের একটি মোবাইল ফোন ছিল তার কাছে। প্রতিবেশী সুজন ফোনে কথা বলার কথা বলে তাকে দোকান থেকে ডেকে নিয়ে যান এবং এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুদিন পর ৩০ ডিসেম্বর দক্ষিণ চরপাতা এলাকার একটি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনার পরপরই নিহতের বাবা আব্দুল হক বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সুজন ও ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং ২০০৯ সালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। দীর্ঘ আইনি লড়াই ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অবশেষে এই হত্যা মামলার চূড়ান্ত রায় দিলেন।
মন্তব্য করুন