কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এক বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে চালানো এই অভিযানের বিষয়টি মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে এক বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে পরিচালিত এই অভিযানের বিষয়টি মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে আটক ছয় মানব পাচারকারী হলেন মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩) এবং শরীফুল ইসলাম (৩৩)। আটককৃতরা সবাই ব্রাহ্মণপাড়া এবং সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।
এ ছাড়া একই অভিযানে নাজমা বেগম সাইকিয়া (৩১) নামের এক অনুপ্রবেশকারী বিদেশি নাগরিককেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।
এ বিষয়ে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃতরা প্রত্যেকেই চিহ্নিত মানব পাচারকারী এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।