১ হাজার ৪০০ মানুষকে খুন করে শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং তিনি বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবেন না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার মৃত্যু বা কবরও এই দেশে হবে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পৌরশহরের প্রেসক্লাব সংলগ্ন হোটেল বে-অব বেঙ্গলে এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর মন্তব্য করেন।
বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়ে গেছে, তাই এখন আর তাদের ‘শিশু সরকার’ বলে ছাড় দেওয়ার সুযোগ নেই। এই সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতা ঢাকতে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি। দলের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হলেও সরকার কেবল দু-চারজন আস্থাভাজন ব্যক্তির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি ও দলীয়করণের মতো সমস্যাগুলো স্বীকার না করে এড়িয়ে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর খেসারত দিতে হবে বলে সতর্ক করেন তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জুলাই যোদ্ধা আজমিরী হক বাঁধনকে ভেনিসে হেনস্তা করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করেন যে, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক দলীয় বক্তব্য বা কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালির স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া চোখ হারানো অলিফের ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার না করায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, অপরাধীদের দলীয় পরিচয়ে রক্ষা করার চেষ্টা করা হলে দেশ আবারও অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। বরগুনার এই সমাবেশ থেকে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি পূর্ণ প্রস্তুতি নিয়ে এককভাবে প্রার্থী দেবে বলেও ঘোষণা দেন তিনি।
মন্তব্য করুন