দেশের রাজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘ আট দশকের ইতিহাসে প্রথমবারের মতো গঠনতন্ত্রে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শপথধারী রুকন হওয়ার বাধ্যবাধকতা ছাড়াই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিয়ে একটি স্বতন্ত্র ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পরিকল্পনা নিয়েছে দলটি।
দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং সর্বসাধারণের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে কৌশলগত ও কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সাড়ে আট দশকের ইতিহাসে প্রথমবারের মতো দলটির মূল গঠনতন্ত্রে বড় ধরনের সংস্কার আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো—কঠোর আদর্শিক ও কট্টরপন্থী গণ্ডি পেরিয়ে নিজেদের একটি উদার ও গণমুখী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করা।
এই পরিকল্পনার অংশ হিসেবে দলের বাইরে থেকে মেধাবী বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিয়ে একটি স্বতন্ত্র ‘উপদেষ্টা পরিষদ’ গড়ে তোলা হচ্ছে। এই পরিষদে কাজ করার জন্য দলটির শপথধারী সদস্য বা ‘রুকন’ হওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সম্প্রতি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই যুগান্তকারী প্রস্তাবে নীতিগত সম্মতি মিলেছে।
ঐতিহ্যগতভাবে জামায়াতের যাবতীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং মজলিসে শূরার মাধ্যমে গৃহীত হয়। দলীয় বিধান অনুযায়ী, শপথপ্রাপ্ত রুকন না হলে বাইরের কোনো ব্যক্তির এসব ফোরাম বা কমিটিতে যুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। তবে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সেই চিরাচরিত প্রথা ভেঙে রুকন হওয়ার বাধ্যবাধকতা শিথিল করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার এই উদ্যোগ নিয়েছে দলটি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের গণমাধ্যমকে জানান, বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে এবং গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এটি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, জামায়াত আমিরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দলীয় অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, আধুনিক রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে এবং সমাজের সব শ্রেণির মানুষের আস্থা অর্জন করতে কেবল দলীয় কর্মীদের ওপর নির্ভর করা যথেষ্ট নয়—এই বাস্তবতা উপলব্ধি করেই পুরোনো ও কঠোর নীতি থেকে বের হয়ে আসছে দলটি। সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, অভিজ্ঞ কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন খাতের শীর্ষ বিশেষজ্ঞরা এই উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন। জামায়াতের প্রতি সাধারণ মানুষের জনসমর্থন বৃদ্ধির পাশাপাশি বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে এবং ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতার অংশীদার হতে এই সংস্কার অপরিহার্য বলে মনে করছে দলটি।
পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও জনসম্পৃক্ত সেক্টরে দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি এবং সাংবাদিকতা অঙ্গনে দলের গ্রহণযোগ্যতা ও পরিধি বাড়াতে কাজ করছে জামায়াত। ইতোমধ্যে দলের পক্ষ থেকে যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে এবং সম্প্রতি রাজধানী ঢাকায় দলের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’য় বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা থেকে সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং সরকারের বিভিন্ন নীতির গঠনমূলক সমালোচনা ও টেকসই সমাধান তুলে ধরছেন।
বিশ্লেষকদের মতে, জামায়াতের এই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে হলে উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদনের পর তা রুকন সম্মেলনে পাস করাতে হবে। তবে প্রায় সোয়া এক লাখ রুকনের কেন্দ্রীয় সম্মেলন করা দুরূহ হওয়ায় বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলন করে গঠনতন্ত্রের এই সংশোধনী চূড়ান্ত করা হতে পারে।