লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় মো. আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আসামির উপস্থিতিতে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আশরাফ হোসেন। এ ঘটনায় একই দিনে শিশুটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেন ওই উপজেলার মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।
মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় বিচারক এই রায় দেন। রায়ে নির্দেশ দেওয়া হয়, আদায়কৃত জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, একটি কোমলমতি শিশুর সঙ্গে ঘটা নির্মম অপরাধের উপযুক্ত বিচার নিশ্চিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।