রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন।
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের গভীর বেজমেন্টে পড়ে মারাত্মক আহত হওয়ার পর সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন (৭২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভবনটির বেজমেন্ট-১-এর ফাঁকা স্থান দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জানা যায়, সকালে নিজের ছোট মেয়েকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে অফিসার্স ক্লাবে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি পাশে থাকা নির্মাণাধীন ভবনটির দিকে হেঁটে যান। পরবর্তীতে দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলার সিঁড়ির পাশ থেকে তাঁকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাঁকে প্রথমে শাহবাগের বারডেম হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রমনা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানায়, ভবনটির ভেতরে পথ খুঁজে না পেয়ে তিনি বেশ কয়েকবার ওঠা-নামা করছিলেন এবং একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে মারাত্মক চোট পান। মোশাররফ হোসেনের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন জানালে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর বড় মেয়ে দেশে ফেরার পর ঢাকার বনানীর বাসিন্দা ও মুন্সিগঞ্জের সন্তান এই সাবেক কর্মকর্তার দাফন সম্পন্ন হবে।
মন্তব্য করুন