ব্রিটেনের গ্রিন পার্টি জায়নবাদকে ‘বর্ণবাদের একটি রূপ’ হিসেবে চিহ্নিত করে একটি আনুষ্ঠানিক নীতি গ্রহণ করেছে। রোববার (৪ অক্টোবর) ব্রাইটনে অনুষ্ঠিত দলের বার্ষিক সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে এই সংক্রান্ত একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে পাস হয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘জায়নবাদ বর্ণবাদ’ শীর্ষক এই প্রস্তাবটি উত্থাপন করেছিল ‘গ্রিনস ফর প্যালেস্টাইন’ নামের একটি গোষ্ঠী। প্রস্তাবের পক্ষে ১ হাজার ২২ জন সদস্য ভোট দিলেও এর বিপক্ষে ভোট পড়ে ৮১৩টি। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে গ্রিন পার্টির আনুষ্ঠানিক নীতিমালায় জায়নবাদকে অন্য যেকোনো ধরনের বর্ণবাদী মতাদর্শের মতোই বিবেচনা করা হবে। দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই নীতিটির মূল লক্ষ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বা জাতিগত পরিচয়কে আক্রমণ করা নয়, বরং জায়নবাদকে একটি রাজনৈতিক মতাদর্শ ও জাতিগত-জাতীয়তাবাদী প্রকল্প হিসেবে মোকাবিলা করা। একই সঙ্গে জায়নবাদবিরোধিতাকে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজমের সঙ্গে এক করে দেখার প্রবণতার তীব্র বিরোধিতা করা হয়েছে।
পাশাপাশি এই প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা, নিজ ভূমিতে ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে যাওয়ার অধিকার এবং ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ‘বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা’ (বিডিএস) কর্মসূচির প্রতি দলের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া ইসরাইলের ওপর কঠোর ও পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসের প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসরাইল সরকারকে ‘অ্যাপারথেইড’ বা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল গ্রিন পার্টি। দলটির মুখপাত্র জানিয়েছেন, একটি আপসহীন বর্ণবাদবিরোধী দল হিসেবে ফিলিস্তিনসহ যেকোনো অঞ্চলের অবৈধ দখলদারত্ব ও নিপীড়নের বিরুদ্ধে তাঁদের এই রাজনৈতিক অবস্থান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন