বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মাত্র সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, তেহরান বর্তমানে বেশ খারাপ পরিস্থিতিতে রয়েছে এবং তারা তাড়াহুড়ো করে একটি চুক্তি করতে চাইছে। তবে ইরান যে শর্ত ও চুক্তির প্রস্তাব দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে জাতিসংঘে জানিয়েছিলেন যে, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে এবং জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যেই এই জলপথ পুনরায় চালু করা সম্ভব। তবে ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এর মধ্য দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহকারী এই জলপথটি কার্যত বন্ধ রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মন্তব্য করুন