পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশজুড়ে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত তিন দিন ধরে চলা এই অভিযানে ভারত ও আফগানিস্তানের ‘মদদপুষ্ট’ ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়েছে, এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। তবে ইসলামাবাদের এই দাবির বিষয়ে ভারত বা আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে আফগানিস্তান দাবি করে যে, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে নুরিস্তান প্রদেশে প্রবেশ করা ২৮ জন দায়েশ সদস্যকে তারা হত্যা করেছে। তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এই দাবিকে ‘হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করে আসছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি এই হামলাগুলো চালাচ্ছে, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত কয়েক দিনে দুই দেশের সীমান্ত অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বড় সেনা অভিযানের খবর এল।
মন্তব্য করুন