ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়ানো গেলে অর্থনীতির স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি দুর্নীতির সুযোগ এবং ব্যবসার খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘লঞ্চিং অব ডায়নামিক বাংলা কিউআর ফর ইউনিভার্সাল পেনশন স্কিম, পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থনীতিকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে ডিজিটালাইজেশন এবং ক্যাশলেস লেনদেনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ডিজিটাল অর্থনীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল উপায়ে লেনদেন পরিচালনা করলে প্রতিটি আর্থিক কর্মকাণ্ডের একটি তথ্যভিত্তিক রেকর্ড বা ট্রেস থাকে, যা কর আদায় ও অর্থনৈতিক কার্যক্রম ট্র্যাকিং সহজ করার পাশাপাশি দুর্নীতির পথ সংকুচিত করে। বাংলা কিউআর কোডকে আরও কার্যকর করতে বিভিন্ন ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে পূর্ণাঙ্গ ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃসংযোগ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপের প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, ট্রেস অ্যান্ড ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর করা গেলে কর প্রশাসনে স্বচ্ছতা আসবে এবং নির্দিষ্ট কিছু করদাতার ওপর অযৌক্তিক চাপ কমানো সম্ভব হবে। ডিজিটাল সেবার পরিধি বাড়লে নাগরিকদের বারবার সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে ফিজিক্যাল কন্টাক্টের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে। বন্দর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত অর্থনীতির প্রতিটি স্তরে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে ব্যবসার খরচ বা ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমিয়ে দেশের ব্যবসাবাণিজ্যকে দেশি ও আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলার ওপর জোর দেন অর্থমন্ত্রী।
মন্তব্য করুন