প্রতিবছর ২৭ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক ‘বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা ভুবন রিভুর প্রস্তাবের ভিত্তিতে সিয়েরা লিওন জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করার পর তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এই দিনটির সঙ্গে ভারতের বিশেষ সংযোগ রয়েছে, কারণ ২০২৪ সালের এই ২৭ নভেম্বর তারিখেই ভারত সরকার দেশজুড়ে ‘বাল্যবিবাহমুক্ত ভারত’ অভিযান শুরু করেছিল। জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভুবন রিভু একে সমস্ত ভারতবাসীর জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, শিশু সুরক্ষায় ভারত আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং ২০২৪ সালে এই আন্দোলনের সঙ্গে ২৫ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছিল। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য বা লিঙ্গসমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে সম্পূর্ণভাবে বাল্যবিবাহ নির্মূল করার ক্ষেত্রে এই আন্তর্জাতিক স্বীকৃতি এক বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন