সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার এক আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দুই এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম এবং কনস্টেবল তোফায়েলকে ফাঁড়ি থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও ভাকুর্তা ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি আশাব উদ্দিনকে গ্রেফতারের পর ফাঁড়িতে আনা হয়েছিল। কিন্তু ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চরম অসাবধানতার সুযোগ নিয়ে দুপুরের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পর থেকে পলাতক আসামি আশাব উদ্দিনকে পুনরায় গ্রেফতার করতে পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে।