আগামী বছর আফ্রিকান মহাদেশে বসতে চলেছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর হলো, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী বা গান্ধী জয়ন্তীর দিন অর্থাৎ আগামী ২০২৭ সালের ২ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও আইসিসির পক্ষ থেকে এখনও চূড়ান্ত সূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ অক্টোবর প্রস্তুতি ম্যাচ আয়োজনের পর মূল আসর ৮ অক্টোবর শুরুর কথা ছিল। তবে সেই সূচিতে পরিবর্তন এনে এখন ২ অক্টোবর থেকেই সরাসরি মূল টুর্নামেন্ট শুরু করার চিন্তাভাবনা চলছে এবং তার আগেই সব প্রস্তুতি ম্যাচ সম্পন্ন করা হবে। প্রায় পঞ্চাশ দিনব্যাপী এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী ২১ নভেম্বর, একটি রোববারে। চৌদ্দ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলো পরিচালনার জন্য সম্প্রতি জোহানেসবার্গের এক জমকালো অনুষ্ঠানে ১২টি ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।
ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি শহর এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোক জায়গা করে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলোর তালিকায় রয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, খেকবেরহার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং বাফেলো পার্ক (কুগোম্পো সিটি)। এছাড়া জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নামিবিয়ার উইন্ডহোক ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে বিশ্বকাপের ম্যাচ।
আসন্ন এই বিশ্বকাপের ফরম্যাটেও আসছে বড় ধরনের পরিবর্তন। র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলগুলোকে নিয়ে প্রথমে একটি মিনি লিগ বা ‘সুপার সিরিজ’ অনুষ্ঠিত হবে, যেখান থেকে বিজয়ী দল যোগ দেবে বাকি ১১টি দলের সঙ্গে। এভাবে মোট ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে সুপার সেভেন, এরপর সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান এই দশটি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি জায়গার জন্য আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত বাছাইপর্বে অংশ নেবে স্বাগতিক নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডসহ মোট দশটি দল।
মন্তব্য করুন