আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটারদের জন্য বিশেষ আবাসন ও যাতায়াত সুবিধা আদায়ের চেষ্টায় আয়োজকদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটারদের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থা পছন্দ না হওয়ায় প্রয়োজনে দ্বিতীয় সারির দল পাঠানোর হুমকি দিলেও, এই দাবিতে বিসিসিআইকে সমর্থন জানায়নি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজকরা এবার কোনো নির্দিষ্ট গেমস ভিলেজ তৈরি না করে হোটেল, বিশেষ তাঁবু এবং বন্দরে নোঙর করা বড় জাহাজে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের অভিযোগ, এই ব্যবস্থা শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের মানের সঙ্গে মানানসই নয়। এসিসির মাধ্যমে চাপ সৃষ্টি করা হলেও জাপানি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বিকল্প হোটেলে থাকতে চাইলে দলগুলোকে নিজেদের খরচে যাতায়াত ও অন্যান্য ব্যবস্থা করতে হবে।
এদিকে বিসিসিআইয়ের এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে আইওএ। সংস্থাটির সিইও রঘুরাম আইয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এশিয়ান গেমসে অংশ নেওয়া সব অ্যাথলেট ও কোচের জন্য আইওএ সমান ব্যবস্থা করবে এবং ক্রিকেটারদের জন্য আলাদা কোনো বাড়তি সুযোগ দেওয়ার সুযোগ নেই। বিসিসিআই নিজ দায়িত্বে হোটেলে রাখতে চাইলে সব ব্যয় ও ব্যবস্থাপনার দায়িত্বও তাদের নিজেদেরই বহন করতে হবে। ফলে এই মেগা ইভেন্ট শুরুর আগেই বিসিসিআই ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যকার এই অবস্থান স্পষ্ট ব্যবধান তৈরি করেছে।
মন্তব্য করুন