জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের মাঝে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় পদযাত্রা ও পথসভায় অংশ নিতে আসছেন দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা এনসিপির নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৪ জুলাই বিকাল ৩টায় বগুড়ার দুপচাঁচিয়ার সিও অফিস এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় বগুড়া মহানগরীর কালিতলা হাট এলাকা থেকে শুরু হবে বিশাল এক পদযাত্রা। এই পদযাত্রাটি শহরের দত্তবাড়ি, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা ও নবাববাড়ি রোড হয়ে রানার প্লাজা এবং ইয়াকুবিয়া স্কুল মোড় অতিক্রম করে সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হবে। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। মহানগরে রাত্রিযাপন শেষে তারা ১৫ জুলাই বুধবার বেলা ৩টায় মোকামতলায় আরও একটি পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির জেলা শাখার নেতৃবৃন্দ জানান, এই পদযাত্রাকে কেন্দ্র করে বগুড়ার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াইয়ের সেই জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এ সময় স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন