চলতি বছরের শুরুতে মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর বড় ধরনের অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যাওয়া ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ ৯ মাস পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ভক্তদের সঙ্গে যুক্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা এই অভিনেত্রীকে পুনরায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অগণিত ভক্ত-অনুরাগী।
শনিবার (৩ অক্টোবর) রাতে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। এ সময় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি অসুস্থ ছিলাম, এখনো আছি, তবে আগের চেয়ে অনেকটা ভালো আছি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন।” লাইভ চলাকালীন অনেকেই তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন বাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে, চেন্নাইয়ে সম্পন্ন হওয়া দুটি বড় সার্জারি ও ওষুধের প্রভাবেই তাঁর ওজন কিছুটা বেড়েছে, যা এই পরিস্থিতিতে অত্যন্ত স্বাভাবিক।
ভক্তদের সঙ্গে আড্ডায় তিনি জানান যে, তাঁর কেমোথেরাপির চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে ছয় মাসের মধ্যে তিন মাস সম্পন্ন হয়েছে। নাটকে ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “অনেকেই জানতে চাইছেন নাটকে কবে ফিরব। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে চলতি মাস থেকেই কাজ শুরু করার, সেভাবে কথাবার্তাও চলছে।” তিনি আরও বলেন, “আমি হয়তো নাও ফিরতে পারতাম, আমার শারীরিক অবস্থা এমন এক পর্যায়ে গিয়েছিল। কিন্তু আপনাদের ভালোবাসা ও দোয়ায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। দর্শক আমাকে চান এবং আমি নিজেও অভিনয় খুব মিস করি।” দীর্ঘ এই কঠিন সময়ে যারা তাঁর পাশে ছিলেন এবং তাঁকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, তাঁদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
মন্তব্য করুন