বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং মানবাধিকারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন উভয় পক্ষ। এছাড়া, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনাকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর। বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান ও শক্তিশালী হবে।
মন্তব্য করুন