বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও বেশি সুসংগঠিত, গতিশীল এবং আধুনিক আইনি কাঠামোর আওতায় নিয়ে আসার লক্ষ্যে বিদ্যমান তিনটি পৃথক আইন একীভূত করে একটি সমন্বিত একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওস্থ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ পরিষেবা’, ‘প্রান্তিক শক্তি’ এবং ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আনসার ও ভিডিপি বাহিনী মূলত ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’ এই তিনটি আলাদা আইনের অধীনে পরিচালিত হয়ে আসছে। একাধিক আইনের বদলে একটি সমন্বিত আইন তৈরি করা হলে বাহিনীর আইনি ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরও বেশি সুশৃঙ্খল করা সম্ভব হবে। এ সময় তেজগাঁও এলাকায় ৩ দশমিক ৪২৮ একর পরিত্যক্ত জমিতে একটি আধুনিক ও বহুতল আনসার সদর দপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান যে, সেন্ট্রাল অপারেশন মনিটরিং এবং আধুনিক কমান্ড সেন্টারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মন্তব্য করুন