যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার একটি প্রখ্যাত হিন্দু মন্দিরে বড় ধরনের রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সি এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের প্যালাটাইন শহরের ওই বাসিন্দার কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী উগ্রবাদী আদর্শ এবং ভারতীয় বংশোদ্ভূতদের ওপর সহিংসতার প্ররোচনামূলক বিভিন্ন তথ্য ও ইশতেহার উদ্ধার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে এই ভয়াবহ পরিকল্পনার তথ্য ফাঁস হওয়ায় স্থানীয় অভিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন নিরাপত্তা ঝুঁকির তথ্য সামনে এল।
প্যালাটাইনের একটি স্থানীয় রেস্তোরাঁর ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন অভিযুক্ত তরুণ পাপোরাকিস। তিনি বড় ধরনের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছেন এমন তথ্য এক বিশ্বস্ত সূত্র পুলিশকে জানানোর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং তার গতিবিধি নজরদারিতে আনে। তদন্তকারী গোয়েন্দাদের মতে, অভিযুক্ত পাপোরাকিস তথ্য সরবরাহকারী ওই ব্যক্তির কাছে একটি গোপনীয় নথি পাঠিয়েছিলেন, যেখানে একটি রাইফেল, অতিরিক্ত ম্যাগজিন, বডি আর্মারসহ বিভিন্ন ট্যাকটিক্যাল বা সামরিক সরঞ্জামের ছবি এবং হামলার সুনির্দিষ্ট নীলনকশা ছিল। গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে এই হামলাটি ঘটানোর সম্পূর্ণ পরিকল্পনা তার ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশের তদন্তে আরও জানা যায় যে, ঘটনার দিন রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পর পাপোরাকিস তার এক সহকর্মীকে ফোন করে অত্যন্ত রহস্যজনকভাবে জানান যে তার বন্দুকের যন্ত্রাংশ আটকে যাওয়ায় তিনি মাঝপথ থেকেই দ্রুত সরে এসেছেন। প্যালাটাইন পুলিশ প্রধান উইলিয়াম নর্ড এই হুমকির তীব্রতা ও ভয়াবহতা কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে জানান যে, যুক্তরাষ্ট্রের প্রতিটি উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার।
গত ১১ অক্টোবর সন্ধ্যায় প্যালাটাইন ও মাউন্ট প্রস্পেক্ট পুলিশের যৌথ বিশেষ অভিযানে নিজ বাসা থেকে বের হওয়ার সময় আলেকজান্দ্রোস পাপোরাকিসকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি স্বয়ংক্রিয় রাইফেল, বেশ কয়েকটি ম্যাগজিন, শত শত রাউন্ড তাজা গুলি, ট্যাকটিক্যাল সরঞ্জাম এবং উগ্রবাদী উপাদানের বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া উদ্ধারকৃত একটি ট্যাকটিক্যাল ভেস্টে বডি আর্মারের পাশাপাশি শ্বেতাঙ্গ উগ্রবাদের স্পষ্ট প্রতীক ও লোগো পাওয়া গেছে। গত বুধবার রোলিং মেডোজের কুক কাউন্টি থার্ড মিউনিসিয়ালের ডিস্ট্রিক্ট কোর্টহাউসে অভিযুক্তকে হাজির করা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মন্তব্য করুন