ইরানে চালানো সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ ও ‘অ্যাক্সিওস’-এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টানা ১৩ দিন ধরে চলা হামলার ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনক পর্যায়ে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই কৌশলগত উদ্বেগের কারণেই মূলত যুক্তরাষ্ট্র হামলা থামানোর সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন। তবে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি কেবল একটি সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদি হামলা বন্ধের ঘোষণা তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ তৈরি এবং সামরিক সফলতা হিসেবে বিষয়টিকে দেখা হলেও, প্রয়োজনে যেকোনো সময় বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য মার্কিন সেনাবাহিনী বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে বলেই সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মন্তব্য করুন