পবিত্র নগরী মক্কাসহ সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা এবং ওই সব এলাকায় অবস্থানরত প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি প্রশাসনের দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জারি করা এই সতর্কতার আওতাধীন প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে পবিত্র মক্কা নগরী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশ, লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর শহর জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ এলাকা। মক্কার মতো অতি সংবেদনশীল ধর্মীয় স্থান এবং জেদ্দা ও ইয়ানবুর মতো বাণিজ্যিক ও বন্দর নগরীগুলোতে একসঙ্গে এই সতর্কতা জারির ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়তি সচেতনতা তৈরি হয়েছে।
তবে ঠিক কী কারণে বা কী ধরনের সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের সবাইকে অপ্রয়োজনীয় চলাচল সীমিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা ও নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন