যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে ইরান যখন ‘স্পষ্টভাবে এগিয়ে’ থাকবে এবং নির্ভরযোগ্য কৌশলগত সাফল্য অর্জিত হবে, তখনই কেবল ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ থামিয়ে আলোচনার উপযুক্ত সময় আসবে।
সংকট মোকাবিলায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করে আরাঘচি বলেন, যুদ্ধের অবসান ঘটার পথ মূলত দুটি। হয় পূর্ণ সামরিক বিজয় অর্জন করতে হবে, নয়তো উপযুক্ত সময়ে আলোচনার টেবিলে বসতে হবে। তবে আলোচনার জন্য সঠিক মুহূর্ত বেছে নেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। দেশের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো ধরনের আগাম ঝুঁকি নেওয়া যাবে না বলে জানান ইরানের এই শীর্ষ কূটনীতিক।
রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার কথা উল্লেখ করে আরাঘচি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে লাভের পরিমাণ বাড়ছে নাকি মানবিক ও জাতীয় ক্ষতি দীর্ঘায়িত হচ্ছে, তা সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করতে হয়। চলমান এই সংঘাতে কিছু ক্ষতি স্বীকার করেও তেহরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তি ও রাষ্ট্রব্যবস্থার দৃঢ় সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সংঘাতের প্রেক্ষাপটে আরাঘচির এমন মন্তব্য নতুন করে ভূরাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক সমাধানের কথা বলা হলেও, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া পর্যন্ত তেহরান যে সহজে সামরিক পথ ছাড়বে না, এই বার্তার মাধ্যমে সেটিই পরিষ্কার হলো।
মন্তব্য করুন