নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. আইনাল খন্দকারকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সোমবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আইনাল খন্দকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রফিন খন্দকারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ জুন সকালে শ্রীরামপুর গ্রামে ভুক্তভোগী শিশুটি দোকানে যাওয়ার সময় আইনাল তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।
র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-১২ (পাবনা ক্যাম্প)-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আইনাল খন্দকার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন