লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে ঘুষ দাবি ও লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায় যে তিনি ২ কোটি টাকার কমে কোনো ফাইলে স্বাক্ষর করবেন না। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে?’ এছাড়া ভিডিওর অন্য অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতেও দেখা গেছে তাঁকে, যেখানে লেনদেনের অংক নিয়ে কথোপকথন হচ্ছিল। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন