নাটোর শহরতলির দত্তপাড়া বাজার এলাকায় সাদা মাইক্রোবাসে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রায় ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো এই ঘটনার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন।
নাটোর শহরতলির দত্তপাড়া বাজার এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এসে তারা এই তাণ্ডব চালায়। এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও দত্তপাড়ার বাসিন্দা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার পর নাটোর শহরের দিক থেকে একটি সাদা মাইক্রোবাস বাজারের দিকে আসে। মাইক্রোবাসটি বাজারের মধ্যে থামিয়ে কয়েকজনকে নামিয়ে দিয়ে সামনের ব্রিজের দিকে এগিয়ে যায়।
গাড়ি থেকে নেমে আসা ওই ব্যক্তিরা প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এরপর তারা এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ব্রিজের দিকে চলে যায় এবং সেখানে অপেক্ষমাণ মাইক্রোবাসটিতে উঠে ঢাকার দিকে পালিয়ে যায়। এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে। হামলাকারীদের ব্যবহৃত সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে, প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।