সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের প্রধান দুটি শর্তের আভাস দিয়েছেন দিল্লির সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত করতে ভারতের প্রধান দুটি শর্তের কথা জানিয়েছেন দিল্লির সরকারি কর্মকর্তারা।
ভারতের প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে চড়ে ভারতে এসে নেমেছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
দ্বিতীয় শর্তটি হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়,বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”