ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হওয়া পুরো অর্থ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায়ের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন সামরিক সুরক্ষার সুবিধা পাওয়া দেশগুলোকেই যুদ্ধের শতভাগ খরচ পরিশোধ করতে হবে। তবে বিশ্লেষকদের মতে, সরাসরি ক্ষতিপূরণ আদায় করা কঠিন হতে পারে।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হওয়া পুরো অর্থ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে সামরিক সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের শতভাগ খরচ ফেরত নেওয়া হবে।
ট্রাম্পের দাবি, মার্কিন সমর্থন ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর অস্তিত্ব টিকে থাকত না। প্রথমবারের মতো ক্ষতিপূরণের তালিকায় ইসরায়েলকেও অন্তর্ভুক্ত করেছেন তিনি। তাঁর ভাষ্য, ইরানকে পারমাণবিক সক্ষমতাহীন না করলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।
ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছেও যুদ্ধের খরচ দাবি করেছেন ট্রাম্প। তবে উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পরিকল্পনা সম্পর্কে তাদের কিছু জানা ছিল না। বরং ইরানের পাল্টা হামলায় তারাই বড় ধরনের আর্থিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। শুরু থেকেই তারা কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে, যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি ও মেরামতের খরচ যুক্ত হলে ব্যয় আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, সরাসরি ক্ষতিপূরণ আদায় করা বাস্তবে কঠিন। তাদের ধারণা, অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ থেকে দৃষ্টি সরানো এবং নির্বাচনি ব্যর্থতার চাপ সামলাতেই ট্রাম্প এমন দাবি তুলেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, নগদ অর্থের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে বাড়তি বিনিয়োগ, মার্কিন অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে যুদ্ধের ব্যয় পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প।
তবে যুদ্ধের ক্ষয়ক্ষতি ও নিজেদের অর্থনৈতিক চাপের কারণে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো এ দাবির বিরোধিতা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।