রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি। ইউরেনিয়াম গ্রহণের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ পর্যন্ত কার্গো বিমানটি ঢাকায় পৌঁছায়নি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউরেনিয়াম গ্রহণের জন্য সংশ্লিষ্টরা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। রাশিয়া থেকে কার্গো বিমান না আসায় রূপপুর প্রকল্পে রুশ সহযোগী সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন জানানো হয়, কার্গো বিমানটির জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে কেন আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
ইউরেনিয়ামের চালান না আসার কারণ সম্পর্কে রোসাটমের এক প্রতিনিধির কাছে জানতে চাওয়া হলেও বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীর তীরে রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিটে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এর আগে ২০২৩ সালে প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান দেশে পৌঁছায়। ওই চালান গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করে।
সেবার রোসাটমের প্ল্যান্টে তৈরি পারমাণবিক জ্বালানি কঠোর আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাশিয়ার একটি ভারী কার্গো বিমানে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছিল। পরে বিকিরণ সুরক্ষিত বিশেষ কনটেইনারে রাখা ইউরেনিয়াম কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় দীর্ঘ গ্রিন করিডোর ব্যবহার করে ওই চালান প্রকল্প এলাকায় পৌঁছানো হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে ইউরেনিয়াম হস্তান্তর উপলক্ষে আনুষ্ঠানিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।
এবার দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান নির্ধারিত সময়ে না আসায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে চালানটি কবে ঢাকায় পৌঁছাবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন