কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমস্ত সীমা অতিক্রম করেছেন। জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগ্যানের ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে কাতার সরকারের অবস্থান অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন তিনি।
সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা এবং দোহায় শান্তি প্রস্তাব বাস্তবায়নের কূটনৈতিক প্রচেষ্টা যখন পুরোদমে চলছে, ঠিক সেই মুহূর্তে ইসরাইল তাদের ভূখণ্ডে হামলা চালায়। এই হামলাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি অত্যন্ত বিপজ্জনক ও নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে, যেখানে স্বয়ং মধ্যস্থতাকারীকে নিশানা করা হয়েছে। ইতিহাসের কোনো যুদ্ধেই এমন নজির নেই বলে মন্তব্য করেন তিনি। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে সংঘটিত ওই হামলার পর ইসরাইলি পক্ষ এটিকে নিজেদের স্বাধীন অভিযান বলে দাবি করলেও কাতার শুরু থেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। কাতারের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, মধ্যস্থতাকারীদের ওপর এমন আগ্রাসী হামলা ভবিষ্যতে যেকোনো ধরনের শান্তি আলোচনা ও সংঘাত নিরসনের পথকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।
মন্তব্য করুন