চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটি জব্দ এবং এর চালককে আটক করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগরের আব্দুল গফুর (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচযাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল গফুর। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বাসচালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন