বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাময়িকভাবে বাতিল হওয়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনরায় ফিরিয়ে দিয়েছে বর্তমান সরকার। তথ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানোর পর পোর্টালটি এখন থেকে আবারও সম্পূর্ণ বৈধভাবে তাদের আনুষ্ঠানিক সংবাদ কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিবন্ধন ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত ২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের মূল চেতনা ও আদর্শকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলা এডিশন। ঢাকার একটি স্বনামধন্য পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, আইনপ্রণেতা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূচনার পর থেকেই পোর্টালটি জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, ইসলাম ও মুসলিম বিশ্বের নানান সংকটময় ইস্যু, নির্যাতিত মানুষের মৌলিক অধিকার এবং যেকোনো ধরনের আধিপত্য ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার থেকে সংবাদ পরিবেশন করে আসছিল।
তবে শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই বড় ধরনের প্রশাসনিক বাধার মুখে পড়ে বাংলা এডিশন। সে সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের এক আদেশের ফলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, যার ফলে তাদের অনলাইন কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে নিয়মমাফিক রিভিউজ ও নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে যথাযথ আবেদন জানায় পোর্টাল কর্তৃপক্ষ। সেই আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে বর্তমান প্রশাসন তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় এবং সংবাদমাধ্যম হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পথ উন্মুক্ত করে দেয়।
নিবন্ধন ফিরে পাওয়ার পর বাংলা এডিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অতীতে যেভাবে তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছে, ভবিষ্যতেও তাদের এই নীতি বজায় থাকবে। সাধারণ মানুষের কণ্ঠস্বর জোরালো করা, মজলুম মানুষের অধিকার নিয়ে লেখা এবং দেশের মানুষের কাছে সবসময় সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়াই তাদের একমাত্র ব্রত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন