গ্রিজম্যানের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ডিসি ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে অরল্যান্ডো সিটি। এমএলএসের প্রথম ১৪ ম্যাচে ১২ গোল করে ইতিহাস গড়লেন গ্রিজম্যান।
মেজর লিগ সকারে (এমএলএস) ফরাসি তারকা অ্যান্টোইন গ্রিজম্যানের জাদুকরী নৈপুণ্যে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অরল্যান্ডো সিটি। ঘরের মাঠ ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-১ গোলের বড় ব্যবধানে ধুলোয় মিশিয়ে দিয়েছে স্বাগতিকেরা। পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ সাজিয়ে দুটি চমৎকার গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়ে জয়ে মূখ্য ভূমিকা পালন করেন গ্রিজম্যান।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অরল্যান্ডো। ১৫তম মিনিটে গ্রিজম্যান ও মার্টিন ওজেদার চমৎকার বোঝাপড়ায় প্রথম গোলের দেখা পায় দলটি। ওজেদার বাড়ানো চিপ পাস ধরে মাত্র ৭ গজ দূর থেকে প্রথম স্পর্শেই নিখুঁত শটে বল জালে জড়ান ফরাসি তারকা। এর কিছুক্ষণ পরেই অর্থাৎ ২২তম মিনিটে ঘটে বিপরীত ঘটনা। এবার গ্রিজম্যানের বুদ্ধিদীপ্ত পাস থেকে ব্যাকহিল ভলিতে বল জালে পাঠিয় দলের ব্যবধান ২-০ করেন মার্টিন ওজেদা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ডিসি ইউনাইটেডের হয়ে তাই বারিবো একটি গোল শোধ করলেও তা অরল্যান্ডোর আধিপত্য থামাতে পারেনি।
দ্বিতীয় অর্ধে আবারও নিজের চেনা রূপ দেখান গ্রিজম্যান। ৫০তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুল পাসের সুযোগ নিয়ে দ্রুত বল টেনে নিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় এবং দলের তিন নম্বর গোলটি করেন তিনি। ম্যাচের নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমে মার্কো পাসালিচ আরও একটি গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অরল্যান্ডো সিটি।
এই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্টের মাধ্যমে এমএলএস ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড গড়েছেন অ্যান্টোইন গ্রিজম্যান। লিগে নিজের প্রথম ১৪টি ম্যাচের মধ্যে ১২টিতেই সরাসরি গোল বা অ্যাসিস্ট করার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি, যা এমএলএসের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার করতে পারেননি। ১৪ ম্যাচে তাঁর ঝুলিতে এখন জমা হয়েছে ১২টি গোল ও ৭টি অ্যাসিস্ট। আগামী শনিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে দারুণ ফর্মে থাকা অরল্যান্ডো সিটি।