পাক ক্রিকেট দলের সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না, তা যেন বারবার প্রমাণিত হচ্ছে মাঠের পারফরম্যান্সে। ছেলেদের দলের মাঠের বাইরের ও ভেতরের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই এবার লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান নারী ক্রিকেট দলও। দুবাইয়ে চলমান নারী এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের মেয়েরা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন রানের রেকর্ড।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। ভারতের দুই পেসারকে সামলে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছিল তারা। কিন্তু এরপরই দৃশ্যপটে আসেন ভারতীয় স্পিনাররা, আর তাতেই হুড়মুড় করে ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। শেফালি ভার্মার করা বলে মুনিবা আলী (১৩) বোল্ড হওয়ার পর থেকেই শুরু হয় যাওয়া-আসার মিছিল। ইনিংসের ১১ বল বাকি থাকতেই মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এর আগে ২০২৪ সালে দুবাইয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে অলআউট হওয়াটি ছিল তাদের আগের সর্বনিম্ন স্কোর। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত ৩টি করে উইকেট শিকার করেন।
মাত্র ৫৫ রানের মামুলি পুঁজি নিয়ে লড়াই করার মতো অবস্থায় বোলাররা ছিলেন না। যদিও সাদিয়া ইকবালের প্রথম বলেই শেফালি ভার্মা ছক্কা হাঁকানোর পর ফাতিমা সানা দ্রুতই শেফালি, প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা দলের আর কোনো বিপদে পড়তে দেননি এবং খুব সহজেই ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে তিন ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয় মেয়েরা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় পাওয়া পাকিস্তানকে আগামী ১১ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়তে হবে সেমির টিকিট নিশ্চিত করতে।
মন্তব্য করুন