প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইন্দোনেশিয়ার জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা তিনটায় ম্যাচটি শুরু হয়। দেশের ফুটবলপ্রেমীরা টি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে সরাসরি ম্যাচটি দেখতে পারছেন। এছাড়া মোবাইল ও স্মার্ট টিভিতে ‘টফি’ অ্যাপের মাধ্যমে সরাসরি অনলাইন স্ট্রিমিং উপভোগ করা যাচ্ছে।
ফিফা র্যাংকিংয়ে ১৩৬ নম্বরে থাকা মালয়েশিয়া শক্তিমত্তায় এগিয়ে থাকলেও ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত। বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি ৪-২-৩-১ কৌশলে একাদশ সাজিয়েছেন। তবে সান মারিনোর বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে ৭টি পরিবর্তন এনেছেন কোচ। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার জায়গায় একাদশে নেতৃত্ব দিচ্ছেন সোহেল রানা এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদের অভিষেক হয়েছে।
এবারের আসিয়ান কাপের গ্রুপ 'এ'-তে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন