চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানুন।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবন থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) ভবনের দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত স্থান থেকে শপিং ব্যাগে লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজসংলগ্ন ওই পরিত্যক্ত শিক্ষাভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি করার সময় একটি কালো রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান অভিযান পরিচালনকারী সদস্যরা। পরে ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে একটি লোডেড ‘টরাস’ (Taurus) ব্রান্ডের পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল।
তবে কে বা কারা, কী উদ্দেশ্যে অস্ত্রটি ওই পরিত্যক্ত ভবনে এনে লুকিয়ে রেখেছিল সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।