মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বর্তমান নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার বিধান থাকলেও, নতুন সংশোধিত নিয়মে তা বাতিল করে আবার পুরনো পদ্ধতি ফিরিয়ে আনা হচ্ছে। এখন থেকে প্রত্যেক কর মেয়াদের রিটার্ন আলাদাভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মাঠপর্যায়ে রাজস্ব আদায় আরও গতিশীল করার লক্ষ্যেই ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সাধারণ প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে এবং ১৫তম দিন সরকারি ছুটি পড়লে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং যেসব প্রতিষ্ঠান শূন্য রিটার্ন দেয়, তারা কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত সময় পাবে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটি চূড়ান্তভাবে কার্যকর করা হবে।
মন্তব্য করুন