দক্ষিণ কোরিয়ার সিউলের নামদেমুন বাজারে নিজের পণ্যকে সবচেয়ে বাজে বলে উপহাস করে ও ক্রেতাদের কিনতে নিষেধ করে ভাইরাল হয়েছেন এক বিক্রেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কার্ফ ম্যান’ নামে পরিচিত এই ব্যক্তির দোকানে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।
সাধারণত বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করতে নিজের পণ্যের গুণগান গান। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক বিক্রেতা হাঁটছেন ঠিক উল্টো পথে। দোকানে আসা ক্রেতাদের তিনি পণ্য কিনতে সরাসরি নিষেধ করেন, নিজের পণ্যকে ‘সবচেয়ে বাজে’ বলে উপহাস করেন এবং ক্রেতাদের কেনাকাটার অভ্যাস নিয়ে রসিকতা করেন। মজার বিষয় হলো, তার এই অদ্ভুত আচরণই এখন মানুষের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন তার দোকানের সামনে ভিড় করছেন শত শত ক্রেতা ও পর্যটক।
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারের এই ব্যতিক্রমী বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কার্ফ ম্যান’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার বিক্রির এই অভিনব ‘রিভার্স মার্কেটিং’ কৌশল এখন রীতিমতো ভাইরাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ক্রেতাদের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনারা কি এখানে এসেছেন এটা না জেনেই যে আমরা শুধু বাজে জিনিস বিক্রি করি? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?” কখনো তিনি ক্রেতাদের আবদারে বিরক্তি প্রকাশ করেন, আবার কখনো বলেন ব্যবসা ছেড়ে দেওয়াই তার জন্য ভালো হবে। তার এমন মজার ও স্নেহমাখা তিরস্কার শুনতেই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ।
পণ্যের চেয়ে বিক্রেতাই বড় আকর্ষণ: দোকানে ১০ হাজার দক্ষিণ কোরীয় ওন বা প্রায় ৭ ডলারে ছয়টি স্কার্ফ পাওয়া যায়। দাম বেশ সস্তা হলেও ক্রেতাদের কাছে পণ্যের চেয়ে বিক্রেতার সঙ্গে দেখা করা ও তার কথা শোনাই বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে ইতোমধ্যে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে এবং ইউটিউবেও বাড়ছে দর্শক।
অনলাইনে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর তিনি একটি অনলাইন দোকানও চালু করেছিলেন, যেখানে প্রথম দফার সব স্কার্ফ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। এমনকি অতিরিক্ত অর্ডারের চাপে পড়ে ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধও জানাতে হয়েছিল তাকে।
একনজর দেখার অপেক্ষায় ক্রেতারা: সিউলের অন্য প্রান্ত কিংবা ইনচন শহরের মতো দূরবর্তী এলাকা থেকে দেড়-দুই ঘণ্টা পথ পাড়ি দিয়েও অনেকে আসছেন শুধু তাকে একবার দেখার জন্য। ইনচন থেকে আসা ক্রেতা চো ইউন-সুক জানান, স্কার্ফ কেনার চেয়ে স্কার্ফ ম্যানের সঙ্গে দেখা করাই তার মূল উদ্দেশ্য; কারণ তার কথাবার্তার মধ্যে একধরনের মায়া রয়েছে। ক্রেতাদের মতে, তার হাস্যরসাত্মক কথাবার্তা অনেকটা মজার দাদির মতো, যা মানুষের মন ভালো করে দেয়।
রহস্যময় ব্যক্তিগত জীবন: তুমুল জনপ্রিয়তা পেলেও স্কার্ফ ম্যানের প্রকৃত নাম বা ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম তথ্যই জানা গেছে। এক লাইভ সম্প্রচারে তিনি শুধু জানিয়েছিলেন যে তার স্ত্রী ও সন্তান রয়েছে এবং বহু বছর ধরে তিনি এই বাজারে ব্যবসা করছেন। কখন তার দোকান খোলা থাকবে, তা-ও ক্রেতাদের কাছে এক বড় রহস্য। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের অনুরোধও তিনি ফিরিয়ে দিয়েছেন।
নিজের পণ্য না কেনার জন্য ক্রমাগত নিষেধ করে গেলেও দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারিই বলে দিচ্ছে স্কার্ফ ম্যানের এই মিষ্টি নিষেধাজ্ঞায় কান দিচ্ছেন না কেউই!