কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা ও নৌযান চলাচল নিশ্চিত করার লক্ষে ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্র ও শনিবার রাজধানী তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
ইরানি মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল অব্যাহত রাখা এবং উপকূলবর্তী দুই দেশের সার্বভৌম অধিকারকে পূর্ণ সম্মান জানিয়ে এই জলপথ কীভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এতে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে এই সংলাপ এখনো অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কোনো পরিবর্তন আসেনি এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই জলপথে স্বাভাবিক চলাচল আগের মতোই বজায় রয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।
মন্তব্য করুন