সম্ভাব্য যে কোনো হুমকি প্রতিহত করতে এবং আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে বিশাল পরিসরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরান। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদেকিয়ান জানিয়েছেন, বর্তমানে ইরানজুড়ে ৩ হাজার ৮০০টির বেশি স্থানে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে। মরুভূমি, পাহাড়, উপকূলীয় এলাকা এবং দ্বীপসমূহসহ দেশের বিভিন্ন কৌশলগত স্থানে এসব ব্যবস্থা ছড়িয়ে দেওয়া হয়েছে। রাডার, ইলেকট্রো-অপটিক্যাল প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জামের সাহায্যে ২৪ ঘণ্টা আকাশসীমা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
জেনারেল সাদেকিয়ানের দাবি, এই সুবিশাল নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো উড়ন্ত বস্তু বা হুমকি দ্রুত শনাক্ত করা সম্ভব হয় এবং প্রয়োজনে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের এই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রকাশ ও বিস্তারের বিষয়টি কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দেশের আকাশসীমা সুরক্ষায় তেহরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে যে নিরলস কাজ করে যাচ্ছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট প্রমাণ।
মন্তব্য করুন