ইন্দোনেশিয়ার দুই প্রধান দ্বীপ জাভা ও সুমাত্রাকে পৃথককারী সুন্দা প্রণালির আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি থেকে তীব্র লাভা, গ্যাস ও ছাই উদ্গীরণের ফলে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। এর ফলে দেশটিতে আটকা পড়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার বিমানযাত্রী।
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ভূত বিপর্যয়কর পরিস্থিতির কারণে ইতোমধ্যে ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের শিডিউল পেছাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার রাতে আনাক ক্রাকাতাউ পর্বতটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং এর প্রভাবে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। পরবর্তীতে রোববারেও পর্বতটির জ্বালামুখ থেকে দুই দফা শক্তিশালী অগ্ন্যুৎপাত ঘটে।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরগুলোতে আটকে থাকা যাত্রীদের বড় একটি অংশ সিঙ্গাপুর, দোহা, সিডনি এবং কুয়ালালামপুর রুটের। পশ্চিম জাভা দ্বীপে অগ্নুৎপাতের ছাই ছড়িয়ে পড়ার তথ্য নিশ্চিত হওয়ার পরই জননিরাপত্তার স্বার্থে ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এদিকে দেশটির পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি জানিয়েছেন, যেসব যাত্রী এই আকস্মিক দুর্যোগের কারণে আটকা পড়েছেন, তারা চাইলে টিকিটের সম্পূর্ণ অর্থ রিফান্ড বা ফেরত নিতে পারবেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে যাত্রীদের তাৎক্ষণিকভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিমান পরিষেবা সংস্থাগুলোকে।
মন্তব্য করুন