বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়লেও সহসাই বৃষ্টির দাপট কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও অন্তত ১০ দিন।
আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তর বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে বিদর্ভ ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন