পারিবারিক বন্ধন ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ সফলভাবে ২০০তম পর্বে পদার্পণ করেছে।
টেলিভিশন নাটকে পারিবারিক ও সম্পর্কের টানাপোড়েনের গল্পের কদর দর্শকদের কাছে সবসময়ই আলাদা। সেই ধারবাহিকতায় দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ সাফল্যের সঙ্গে পা রাখল এর ২০০তম পর্বে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটির দুইশতম এই বিশেষ পর্বটি।
ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান এবং মেঘার দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ও আধুনিক জীবনের নানা জটিলতাকে কেন্দ্র করে এগিয়েছে ‘পরম্পরা’র কাহিনী। দুই পরিবারের নানা অদৃশ্য ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর নাহিয়ানের ওপর ফুফাতো বোন রাশাকে বিয়ের চাপের মতো নাটকীয় মোড়ে গল্পটি এখন বেশ জমে উঠেছে। নাহিয়ান কি সব বাধা পেরিয়ে তার ভালোবাসা রক্ষা করতে পারবে, নাকি পারিবারিক অভিজাত দেয়ালের কাছে হার মানবে,এমন সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে সামনের পর্বগুলোতে। আশিস রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, শানারেই দেবী শানূসহ একদল তারকা শিল্পী। আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকতের লেখা চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়া টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ এবং দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও নাটকটি উপভোগ করতে পারছেন দর্শকরা।