বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজের নাম লিখিয়ে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করা নিপা বর্তমানে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন।
নিপার এই সাফল্যের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে, যখন তিনি এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবারের মতো গিনেসে জায়গা করে নেন। এরপর ২০২৪ সালে তিনি দ্বিতীয়বার রেকর্ডের খাতায় নাম লেখান চপস্টিক দিয়ে দ্রুততম সময়ে ভাতের দানা মুখে তোলার মাধ্যমে। সর্বশেষ এই বছরের ফেব্রুয়ারিতে তিনি কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা তৈরির রেকর্ড গড়েন। চীনের দখলে থাকা ২৩ দশমিক ১৬ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে স্নো-ফ্লেক তৈরি করে তিনি নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।
নিপার মতে, কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলে ঘরে বসেই দেশ ও নিজের শহরকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব। বরিশালে মেয়েদের খেলাধুলার সীমিত সুযোগ থাকলেও, তিনি দমে না গিয়ে নিজের প্রচেষ্টায় এই অর্জনগুলো করেছেন। ভবিষ্যতেও তিনি একইভাবে দেশের জন্য আরও সম্মান বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন