ক্রিকেট এবং গ্ল্যামার দুনিয়ার প্রেমকাহিনিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়। দীর্ঘ আট বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর অবশেষে পরিণতির পথে পা বাড়ালেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রমনদীপ সিং এবং জনপ্রিয় অভিনেত্রী চার্লি চৌহান। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলা এই জুটি অবশেষে ঘটা করেই পাঞ্জাবি রীতি ও শিখ সংস্কৃতি অনুযায়ী গুরুদ্বারে সাত পাকে বাঁধা পড়েছেন। তাদের বিয়ের সুন্দর মুহূর্তগুলোর ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের ছবি শেয়ার করে চার্লি লিখেছেন, তারা দীর্ঘ আট বছর ধরে একসঙ্গে ছিলেন এবং অবশেষে চিরকালের জন্য এক হলেন। বিয়ের এই বিশেষ দিনে রমনদীপ পরেছিলেন ঐতিহ্যবাহী সাদা শেরওয়ানি ও লাল পাগড়ি, আর চার্লি সেজেছিলেন নজরকাড়া লাল ডিজাইনার লেহঙ্গা, হাতে চুড়া ও কলিরে। গোপনীয়তার মুড়ে রাখা এই জুটির বিয়েতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং কেকেআর ও ভারতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটার।
খেলার মাঠের রমনদীপ সিংয়ের পাশাপাশি ভক্তদের মনে প্রশ্ন জেগেছে পাত্রী চার্লি চৌহানকে নিয়ে। ২০০৯ সালে জনপ্রিয় রিয়ালিটি শো 'এমটিভি রোডিস'-এ প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন চার্লি। পরবর্তীতে ২০১২ সালে অভিনয় জগতে পা রেখে ২০১৪ সালে ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়া’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও ‘বেস্ট ফ্রেন্ডস ফরেভার’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’-র মতো শোয়ে কাজ করে টেলিদুনিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। অন্যদিকে, আইপিএলে কেকেআরের হয়ে দারুণ পারফর্ম করার সুবাদে এবং ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলার সুবাদে ক্রিকেটে পরিচিত মুখ রমনদীপ, যিনি ‘র্যাম্বো’ নামেও বেশ পরিচিত।
এই তারকা জুটির বিবাহ অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের বহু তারকা। ভারত অধিনায়ক শুভমান গিল, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ভেঙ্কটেশ আইয়ারসহ কেকেআর ও পাঞ্জাব কিংসের সতীর্থরা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া অভিনেতা জয় ভানুশালীসহ বিনোদন দুনিয়ার অনেক চেনা মুখও এই জুটির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কেকেআর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এই জুটির সুখের ভবিষ্যৎ কামনা করা হয়েছে।
মন্তব্য করুন