দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় ও শুটিং চালিয়ে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সম্প্রতি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি প্রজেক্ট নিয়ে বড় ধরনের বিতর্কের মুখোমুখি হওয়ার পর এবার তিনি যুক্ত হয়েছেন নতুন একটি চলচ্চিত্রে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ও গল্পে নির্মিত হতে যাওয়া এই নতুন সিনেমার নাম ‘আ বিউটিফুল লাই’।
এর আগে হাসান জাহাঙ্গীরের পরিচালনায় যুক্তরাষ্ট্রে নির্মিত মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি মুক্তির পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শুরুতে এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে এটি নির্মিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দিয়ে সেন্সর ছাড়পত্র নেওয়া হয়। তবে কাজটির মান ও মৌসুমীর মতো একজন জ্যেষ্ঠ অভিনেত্রীর এমন প্রজেক্টে অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা। এমনকি চলচ্চিত্রটিকে সিনেমা হিসেবে মানতে নারাজ হয়ে এর মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। অন্যদিকে মৌসুমী অভিযোগ করেছিলেন যে, তার অজান্তেই কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে অবমূল্যায়ন করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক।
সেই অপ্রীতিকর অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই সামনে এল মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’-এর খবর। মজার বিষয় হলো, নতুন এই প্রজেক্টটির সঙ্গেও আগেরটির একটি জায়গায় মিল রয়েছে। জানা গেছে, ‘আ বিউটিফুল লাই’ও মূলত শুরুতে একটি টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, যা পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চিত্রনাট্য পরিবর্ধন করে একে রূপদান করা হচ্ছে।
নতুন এই সিনেমাটি সম্পর্কে অভিনেত্রী মৌসুমী জানান, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প, যার পুরো ঘটনাপ্রবাহ একটি মিথ্যাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। টেলিফিল্ম হিসেবে পরিকল্পনা শুরু হলেও বর্তমানে এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবেই নির্মিত হচ্ছে এবং দর্শকরা এতে উপভোগ করার মতো একটি সুন্দর গল্প পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই তারকা। আগের অভিজ্ঞতাকে পেছনে ফেলে নতুন এই প্রজেক্টটি শেষ পর্যন্ত দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন